
গাজা সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে গত বৃহস্পতিবার রাতে সংঘর্ষে ১ ফিলিস্তিনি নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। খবর এএফপি ও আল-জাজিরার।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় জাবালিয়া এলাকায় ওই সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান ২৬ বছর বয়সী ওই ফিলিস্তিনি যুবক। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
সাম্প্রতিকতম সংঘর্ষের আগে গত মে মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে টানা ১১ দিন ধরে লড়াই চলে। লড়াই চলাকালে গাজায় নির্বিচার বিমান হামলা চালায় ইসরায়েল।
ঘটনাস্থল থেকে বার্তা সংস্থা এএফপির সংবাদদাতারা জানান, বৃহস্পতিবার রাতে সীমান্তের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখান ফিলিস্তিনিরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দীর্ঘ ১৫ বছর ধরে গাজার ওপর আরোপিত ইসরায়েলি নিষেধাজ্ঞার প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দিয়েছিল ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠী।
Tags:
বিশ্ব