য়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত কোনো রোগীর মৃত্যু হয়নি। অবশ্য এ সময়ে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টার হিসাবে এটিই গত আড়াই মাসে এ হাসপাতালে সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড।
সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে করোনা ও এই ভাইরাসের উপসর্গে ২৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত জুলাই মাসে ৪৮২ জনের এবং আগস্ট মাসে ৪১৯ জনের মৃত্যু হয়েছিল।
এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন সাতজন ভর্তি হয়েছেন। এ নিয়ে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে ১৪৩ জন রোগী ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে আটজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। এ ছাড়া সুস্থ হয়ে চারজন গতকাল সোমবার হাসপাতাল ছেড়েছেন। আর ৪১ জন ওয়ান–স্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন।
এদিকে জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে ৪০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৫৮। আজ সকাল পর্যন্ত জেলায় মোট করোনায় সংক্রমিত শনাক্ত ব্যক্তির সংখ্যা ২১ হাজার ৩৯৬। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৮ জন। জেলায় এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে ২৭৬ জনের মৃত্যু হয়েছে।
